পোলিং এজেন্টদের জন্য জরুরি নির্দেশনা তাড়াশ, সিরাজগঞ্জ।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে তালম ইউনিয়নে পোলিং এজেন্টদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনায় ভোট গ্রহণের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ভোট শুরুর আগে কেন্দ্রে উপস্থিত ব্যালট পেপারের সংখ্যা নিশ্চিত করতে হবে এবং ব্যালট বাক্স খালি ও সিল ঠিকভাবে লাগানো আছে কি না তা যাচাই করতে হবে। পাশাপাশি প্রিজাইডিং অফিসারের সঙ্গে প্রাথমিক হিসাব মিলিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট চলাকালীন সময়ে ভোটারদের পরিচয় যাচাই সঠিকভাবে হচ্ছে কি না নজর রাখতে হবে। মুখমণ্ডল ঢেকে কেউ ভোট দিতে এলে পরিচয় স্পষ্ট করার দাবি জানাতে হবে। কোনো সন্দেহজনক তৎপরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে জানাতে বলা হয়েছে।
ব্যালট ও সিল সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ব্যালট পেপার বাইরে যাওয়া বা বাইরে থেকে আসা রোধে কঠোর নজরদারি রাখতে হবে এবং কোনো নকল সিল বা অননুমোদিত কাগজ ব্যবহার হচ্ছে কি না তা খেয়াল করতে হবে।
ভোট শেষ হওয়ার পর অবশিষ্ট ব্যালট পেপারের সংখ্যা গণনা করে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব মিলিয়ে নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করতে হবে। ভোট গণনার সময় উপস্থিত থেকে ফলাফল ব্যালট হিসাবের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অসঙ্গতি পাওয়া গেলে লিখিতভাবে আপত্তি জানাতে বলা হয়েছে।
এছাড়া আচরণ ও শৃঙ্খলার বিষয়ে বলা হয়েছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এবং আইন ও নিয়মের ভেতরে থেকেই সব দাবি ও আপত্তি উত্থাপন করতে হবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত ফলাফল শীটে স্বাক্ষর না করার নির্দেশও দেওয়া হয়েছে।
কোনো বড় ধরনের অনিয়ম দেখা দিলে দ্রুত অধ্যাপক আব্দুর রহিম (সমন্বয়ক) ও মোঃ সোহরাব হোসেন (আহবায়ক)–এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনাটি সৌজন্যে প্রদান করেছেন মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং টীম, তালম ইউনিয়ন বিএনপি, তাড়াশ, সিরাজগঞ্জ।