জামায়াতের প্রার্থী তালিকায় সম্ভাব্য বড় চমক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি যুক্ত হচ্ছে
ডেস্ক রিপোর্টার
আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী তালিকায় বৈচিত্র্য আনতে যাচ্ছে। দলটি শুধু রাজনৈতিক শরিক নয়, নারী, অমুসলিম, জুলাই আন্দোলনের কর্মী, ছাত্র প্রতিনিধি, উপজাতি সম্প্রদায়সহ নানা পেশার মানুষকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে—এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যেই প্রার্থীদের নিয়ে চূড়ান্ত যাচাই-বাছাই শুরু করেছে। অভ্যন্তরীণ সূত্রের দাবি, ঘোষিত তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা হবে “বড় চমক”।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর আগে খুলনার এক সমাবেশে বলেছিলেন, ইসলামপন্থি সব রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার জন্য প্রয়োজনে জামায়াত ১০০ আসন ছাড় দিতেও প্রস্তুত। তবে বর্তমানে ৮ দলীয় সমন্বয় এখন ভিন্ন কৌশলে এগোচ্ছে—তারা বলছে, যে প্রার্থী বিজয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে, তাকে যে দল থেকেই হোক মনোনয়ন দেওয়া হবে, আর শরিকরা সবাই তার পাশে কাজ করবে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানান, আসন ভাগাভাগির চেয়ে এখন জোটের মূল লক্ষ্য—বিজয়। তাই উপযুক্ত ও জনপ্রিয় প্রার্থীই মনোনয়ন পাবেন। ইসলামপন্থিদের ভোটও এক ঘরেই আসবে বলে আশা করছে ৮ দলীয় প্ল্যাটফর্ম।
এদিকে সূত্র বলছে, আগের তালিকায় ব্যাপক পরিবর্তন এনে কয়েকজন সাবেক ভাইস চ্যান্সেলরকে মনোনীত করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী অন্তত তিনজন ভিপি, দুইজন জিএস এবং জুলাই আন্দোলনের কয়েকজন শীর্ষ ছাত্রনেতাকেও মনোনয়ন দেওয়ার চিন্তা চলছে। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় এক উপদেষ্টাসহ আরও কয়েকজন নেতার জন্য আসন ছাড় দিতেও প্রস্তুত জামায়াত।
জোট না হলেও, প্রভাবশালী কয়েক ব্যক্তিকে সুযোগ দেওয়ার জন্য কিছু আসন খালি রাখার কৌশল বিবেচনা করছে দল।