৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারের রসায়নে দেশের সেরা পঞ্চগড়ের আবু তালেব
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের রসায়ন বিষয়ে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জের মেধাবী তরুণ আবু তালেব। সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া এই যুবক কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং লক্ষ্যনিষ্ঠার মাধ্যমে জাতীয় পর্যায়ের এই সাফল্য অর্জন করেন।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে জানা যায়, রসায়ন বিভাগে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি। ফলে দেবীগঞ্জের এই তরুণের সাফল্যে আনন্দে মেতে উঠেছে পুরো এলাকাবাসী।
পামুলী ইউনিয়নের খোচাবাড়ী এলাকার আহমেদনগর গ্রামের সন্তান আবু তালেব তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা সরদার আলী পেশায় কৃষক এবং মা রাবেয়া বেগম গৃহিণী। শৈশব থেকেই তিনি মেধাবী এবং স্বপ্নদ্রষ্টা—দেশের জন্য কাজ করার দৃঢ় ইচ্ছে থেকেই তিনি পড়াশোনা ও প্রস্তুতিতে মনোনিবেশ করেন।
গ্রামের সাধারণ পরিবেশে বড় হলেও নিজের লক্ষ্যে অবিচল থাকা আবু তালেবের এই অর্জন পরিবার, শিক্ষক ও আত্মীয়স্বজনদের মাঝে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করেন, তার সাফল্য দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড়ের তরুণদের অনুপ্রাণিত করবে।
দেশের শিক্ষা খাতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে আবু তালেব বলেন, এই অর্জন তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষকতা পেশাকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে সমাজ ও রাষ্ট্রে অবদান রাখতে চান তিনি।