৩০ হাজার টাকায় সীমান্ত পাড়ি: পাটগ্রামে মা–ছেলে আটক, মানবপাচারকারী গ্রেপ্তার
আব্দুস সামাদ
পাটগ্রাম প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মা ও তার ছেলেকে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় তাদের হস্তান্তরের পর বিজিবি মানবপাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার কানুরবাড়ি এলাকার বাসিন্দা মমতা হালদার ও তার ছেলে হৃত্তিক হালদার গত ৪ ডিসেম্বর রাতে পাচারচক্রের সহায়তায় ৩০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করেন। তাদের গন্তব্য ছিল ভারতের শিলিগুড়ি।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে মা–ছেলে জানান, পাচারচক্রে মোট পাঁচজন সক্রিয়ভাবে যুক্ত ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল দহগ্রামের পাবনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেল ৩টা ৪০ মিনিটে মেইন পিলার ৮১২ থেকে প্রায় ১০০ গজ ভেতরে থেকে রিপন মিয়াকে আটক করা হয়। তিনি দহগ্রাম ইউনিয়নের নতুনপাড়া গ্রামের রোহিদুলের ছেলে। আটক রিপন অবৈধ অনুপ্রবেশে সহায়তার বিষয়টি স্বীকার করেন।
এদিকে পাচারচক্রের আরও চার সদস্য মো. আজিজুল (২৫), নবিউল (৩০), হাপ্পি (২৮) ও বেল্লাল হোসেন (৩৫) পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে। তারা সবাই দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি এলাকার বাসিন্দা।
রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান, পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বিজিবি কঠোরভাবে কাজ করে যাচ্ছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক পাচারকারীসহ অবৈধভাবে অনুপ্রবেশ করা মা–ছেলেকে মালামালসহ থানায় মামলা দায়েরপূর্বক হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক চারজনের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।