সীমান্ত পার হওয়ার সময় গরু চোরাকারবারি আটক
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফিরোজ কামাল (২৯) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপি ক্যাম্পের সুবেদার জাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত পিলার ৭৫২/এমপি থেকে প্রায় ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া এলাকা থেকে ফিরোজ কামালকে আটক করা হয়। আটক ব্যক্তি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালটিয়াপাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।