সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে তীব্র বিতর্ক
অর্ধশতাধিক নেতার একযোগে পদত্যাগ ঘোষণা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
নতুন বাংলাদেশে অগণতান্ত্রিক উপায়ে পকেট কমিটি চলবে না—এ মন্তব্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটিকে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ আখ্যা দিয়ে ৫০ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগপত্র প্রকাশ করেন।
পদত্যাগকারী নেতারা বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্বের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে ‘পকেট কমিটি’ ঘোষণা করেছে। নতুন কমিটিতে সংগঠনের আদর্শবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
নেতাদের দাবি—এই সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া বা আলোচনার মাধ্যমে নয়, বরং সম্পূর্ণ গোপনে নেওয়া হয়েছে; যা সংগঠনের নীতি, মূল্যবোধ ও গণতন্ত্রের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে তারা কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদকে জমা দেওয়া ডেমো পদত্যাগপত্রও উপস্থাপন করেন। সেখানে উল্লেখ করা হয়, নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে—তাদের কারও বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এমন ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের পক্ষে নীতিগতভাবে অসম্ভব হওয়ায় তারা সরে দাঁড়িয়েছেন বলে জানান পদত্যাগী নেতারা।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে।
শনিবার (২৯ নভেম্বর) রাতেই প্রথম দফায় পদত্যাগ করেন—
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান
যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন
টিএম মুশফিক সাদ
রাহাত তালুকদার
সাদমান জাহিন
আধাম আদৃত
যুবায়ের আল ইসলাম সেজান
সিনিয়র সহ–মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা
যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম
শেখ রিয়াদ
এছাড়া কমিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইশরাত জাহান এশাসহ আরও কয়েকজন নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন আরও অনেকেই।
নেতারা জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই সংগঠনের পরিচ্ছন্ন ভাবমূর্তি কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের অপকর্মে কলুষিত হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সব কমিটি সাময়িক স্থগিতও করা হয়েছিল। কিন্তু এরপরও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি তৈরির চেষ্টা সংগঠনের আদর্শকে ধ্বংস করছে বলে অভিযোগ করেন তারা।