লোহাগাড়ার চুনতি এলাকায় প্রশাসনের জব্দকৃত বালু রহস্যজনকভাবে উধাও
ক্রাইম রিপোর্টার: মো. আবু বক্কর সিদ্দিক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন ও চুনতি সীমানার গহীনে দরিয়া চর এলাকার কুলপাগলী ছড়ায় উপজেলা প্রশাসনের জব্দ করা বালুর স্তূপ রাতের আঁধারে উধাও হয়ে গেছে। লাল পতাকা টানানো অবস্থায় রাখা সরকারি জব্দকৃত বালু কীভাবে অদৃশ্য হলো—তা নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা।
স্থানীয়দের অভিযোগ, জব্দ করার পর বালুগুলো পাহারায় না রেখে ফেলে রাখা হয়েছিল। ফলে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সুযোগ বুঝে ট্রাকে করে বালু সরিয়ে নেয়। সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের অভিযোগে প্রশাসন আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং অন্তত পাঁচটি বালুর স্তূপ জব্দ করে। কিন্তু এসব বালু নিলামে না তোলায় বা তদারকির ব্যবস্থা না থাকায় এখন তা চুরির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ৯ নভেম্বর (রবিবার) সরেজমিনে দেখা যায়, জব্দকৃত পাঁচটি স্তূপের মধ্যে মাত্র একটিতে লাল পতাকা টানানো অবস্থায় বালু আছে, বাকি স্তূপগুলোর কোনো চিহ্নই নেই। স্থানীয়দের প্রশ্ন—সরকারি তত্ত্বাবধানে থাকা জব্দকৃত বালু রাতারাতি কোথায় গেল?
এদিকে, চুরি হওয়া বালুর পাশাপাশি একই স্থানে নতুন করে বালু উত্তোলনও চলছে অবাধে। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন, “আমার খতিয়ানভুক্ত জমি থেকে বালু তুলছি, কেউ বাধা দিতে পারবে না।”
এ বিষয়ে স্থানীয় এক কৃষক জানান, টুকাই মিজানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বালু ও মাটি পাচারের সঙ্গে জড়িত। তবে ভয়ভীতির কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নওশাদ আলী বলেন, “মামলার শাস্তি ও নজরদারির দুর্বলতার কারণেই দুর্বৃত্তদের দৌরাত্ম্য বাড়ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “গত ১০ অক্টোবর প্রায় ৩৫০ ঘনফুট বালু জব্দ করা হয়েছিল এবং আটজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যদি কেউ জব্দকৃত বালু সরিয়ে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, প্রশাসন যদি দ্রুত তদারকি না বাড়ায়, তবে অবৈধ বালু উত্তোলন ও পাচার পুরো এলাকার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।