লোহাগাড়ায় আদালতের আদেশ অমান্যের অভিযোগে উত্তেজনা, জমি নিয়ে সংঘর্ষ আশঙ্কা
মোঃ আবু বক্কর সিদ্দিক
ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে প্রভাবশালী এক পক্ষের জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লাকড়িপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল নিয়ে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বিবাদী জালিল বকসু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিছ মামলা নং ৮৯৭/২০২৫ হিসেবে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ চট্টগ্রামে মামলা দায়ের করেন।
বাদী শফিকুল ইসলামের অভিযোগ, বিবাদীরা— জালিল বকসু (৬০), তার ছেলে মো. সাইফুল (৩৫), মো. বেলাল (৩২) ও রোকেয়া বেগম (৫৫)— প্রভাব খাটিয়ে এবং বলপ্রয়োগের মাধ্যমে উক্ত জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। গত ৯ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর রাতে তারা ঐ সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণকাজ শুরু করে। বাধা দিতে গেলে বাদী ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিষয়টি নিয়ে পুটিবিলা ইউনিয়ন পরিষদে মামলা (নং ৫৬/২৫) করা হলে চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল উভয় পক্ষকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরে বাদী শফিকুল ইসলাম আদালতের শরণাপন্ন হন।
৯ অক্টোবর ২০২৫ তারিখে আদালত উক্ত সম্পত্তিতে “স্থিতিবস্থা বজায় রাখার” নির্দেশ দেন এবং স্থানীয় থানা কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন,
“আদালতের আদেশ অনুযায়ী বিবাদীদের নোটিশ দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে ১৫ অক্টোবর রাতে পুনরায় উত্তেজনা দেখা দেয়। ওই দিন বাদীর ভাই তারেক (১৭) কে মারধর করে আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শফিকুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, আদালতের নির্দেশ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে অভিযুক্ত বেলাল অভিযোগ অস্বীকার করে বলেন,
আমি এসব বিষয়ে কিছু জানি না এবং অভিযোগকারী শফিকুল ইসলামকেও চিনি না।
স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকলেও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখন মারাত্মক রূপ নিয়েছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।