লালমোহনে মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন-ভাতা গ্রহণের অভিযোগ
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বিরুদ্ধে মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট শিক্ষক হলেন প্রতিষ্ঠানের আরবি বিষয়ের প্রভাষক মাওলানা লোকমান হোসেন।
অভিযোগ অনুযায়ী, তিনি ২০২২ সালের ৩১ জানুয়ারি এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশ পেয়ে এ মাদ্রাসায় যোগদান করেন (ইনডেক্স নং M0026917)। কিন্তু যোগদানের পর থেকে তিনি নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হচ্ছেন না। তবুও প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
একাধিক অভিভাবক জানান, “মাওলানা লোকমান হোসেনকে আমরা কখনও মাদ্রাসায় দেখিনি। শিক্ষার্থীরা তার পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের শিক্ষার মানে প্রভাব ফেলছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ওই শিক্ষক বর্তমানে নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত আছেন। তবে মাদ্রাসায় কর্মরত হিসেবেই তার নামে বেতন তোলা হচ্ছে।
বিষয়টি নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীর মো. ফজলুল কবীর আল আযাদ বলেন, “আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি তিনি অন্য কারও মাধ্যমে ক্লাস পরিচালনা করেন।”
অভিযোগ প্রসঙ্গে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।”