রায়গঞ্জে অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অভিযান
উর্বর মাটি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অবস্থান দৃঢ়
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবৈধভাবে টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রোহা ও কালিঞ্জা–নওদাসালুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উর্বর টপসয়েল কাটার তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই স্থানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ মেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোট ১,৪০,০০০ (এক লাখ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন,
“অবৈধভাবে টপসয়েল কাটার ফলে জমির উৎপাদনশীলতা হ্রাস পায়, ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই জনস্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনোরূপ ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান,
“অবৈধ মাটি কাটার খবর পেলেই তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অভিযান পরিচালনার সময় পুলিশ ফোর্সসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।