মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সড়কে চলমান বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের আচরণ ও পরিবেশদূষণকারী যানবাহনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, কয়েকটি ডাম্পার ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করছে এবং তীব্র শব্দদূষণের মাধ্যমে আশপাশের পরিবেশের শান্তি নষ্ট করছে। পাশাপাশি দুইজন চালক লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালানোর অভিযোগে আটক হন। এসব অপরাধের প্রেক্ষিতে মোবাইল কোর্ট দুইজনকে মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, “সড়কে চলাচলের সময় যে কোনো ধরনের অবহেলা ও বেপরোয়া আচরণ জনসাধারণের জীবনের জন্য হুমকি। চালকদের অসচেতনতার কারণে যদি কোনো দুর্ঘটনা বা জননিরাপত্তা বিঘ্ন ঘটে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, নিয়ম না মানার প্রবণতা কমাতে এবং আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিতভাবে এমন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে স্বাগত জানান এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন পদক্ষেপের প্রশংসা করেন।
মোবাইল কোর্টের এই তাৎক্ষণিক ব্যবস্থা সড়ক দুর্ঘটনা কমানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং চালকদের দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।