ভোলার মেঘনায় বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে গুলিবর্ষণ: গুলিবিদ্ধ ৪ স্থানীয় ব্যক্তি
বরিশাল বিভাগীয় প্রতিনিধি
ভোলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের বাধা প্রদানকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—সাহাজান মীর, মো. আলী মৃর্দা, জিহাদ ও অপূর্ব পাটোয়ারী। তারা সবাই কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কথিত জলদস্যু ছকেট জামালের গ্রুপ কাচিয়ার মেঘনা নদীতে অনিয়মিতভাবে বালু উত্তোলন চালিয়ে আসছে। শনিবার দুপুরে স্থানীয়রা নিজেদের জমি রক্ষায় বাধা দিলে ছকেট জামালের ভাগিনা শাহিনের নেতৃত্বে ৮–১০ জন স্পিডবোটযোগে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
অভিযুক্ত ছকেট জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক ইমেজ নষ্টের চেষ্টা করছে। আমার সব ড্রেজার জেলা প্রশাসনের বৈধ ইজারার আওতায় পরিচালিত হয়। আজকের ঘটনার সঙ্গে আমার কোনো লোক যুক্ত নয়।”
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এ হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”