বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা উদ্যোগে কুইক রেসপন্স টিম গঠন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিমের মূল লক্ষ্য হলো—শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য দ্রুত, সম্মানজনক ও নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করা। কোনো ধরনের অবহেলা, হয়রানি কিংবা মুখাপেক্ষিতা যেন না হয়, সে বিষয়ে টিমটি সর্বোচ্চ দায়িত্বশীলতা, মানবিকতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে।
নবগঠিত কুইক রেসপন্স টিমের কার্যক্রমে বিশেষভাবে প্রাধান্য পাবে—
১) সকল শহীদ পরিবারের অবস্থান, প্রয়োজন ও সহায়তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সরাসরি যোগাযোগ রক্ষা।
২) আহতদের চিকিৎসা, পুনর্বাসন, নিরাপত্তা এবং সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিতকরণ।
৩) মেডিকেল সাপোর্ট, চিকিৎসা সংযোগ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ব্যবস্থাপনা।
৪) শহীদ ও আহতদের সম্পর্কিত সকল নথি, ছবি, ভিডিও ও কেস-ইতিহাস সংরক্ষণ ও সুসংগঠিত রাখা।
৫) দেশের সাতটি মেডিকেল হাসপাতাল—NITOR, Heart Foundation, NIO, NINS, DU, KYAMC ও SMMCH–এর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসার মান ও যোগাযোগ ব্যবস্থা জোরদার করা।
আয়োজকদের প্রত্যাশা, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই কুইক রেসপন্স টিম মানবিক দায়িত্ব পালনে একটি শক্তিশালী ও কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে।
এ সময় নবগঠিত কুইক রেসপন্স টিমের সম্মানিত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয় এবং তাদের জন্য অবিরাম সফলতা কামনা করা হয়।