বেহেশতে নেওয়ার মিথ্যা আশ্বাসে সংসারে বিভাজন তৈরি করছে একটি দল, মহিলা সমাবেশে নুরুল ইসলাম নয়ন।
মীর শাহীন
জেলা প্রতিনিধি।
ভোলা।
সহজ সরল ভোটারদেরকে বেহেশতে নেওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে সংসারে অশান্তি ও বিভাজন তৈরি করছে একটি দল। ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আরও বলেন দাঁড়িপাল্লায় এত চুরি ও অনৈতিক কাজ হচ্ছে যে যার কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় চুরি হওয়ার বিষয়টি মানুষ জানতে পেরে গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বালির মাঠ নামক স্থানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ আইচা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশে এক সময় নৌকা ছিল, কিন্তু আজ তা খুঁজে পাওয়া যায় না। একইভাবে নাঙলও ছিল, সেটিও আজ হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনার সন্তানেরা নাঙল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তাহলে তাদের যাদুঘরে গিয়ে দেখতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে অতিরিক্ত চুরি, কম দেওয়া ও অনৈতিকতার কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে।
তিনি আরও বলেন, একটি দলের লোকজন প্রথমে কয়েক দিন ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলে। এরপর কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চাইবে এবং বলবে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত এমন কথা ইসলামের কোথাও নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
নারীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় মা-বোনেরা, আপনারা যদি চরফ্যাশন–মনপুরাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তর করতে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, চরফ্যাশন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ।
সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি ও দক্ষিণ আইচা থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে নুরুল ইসলাম নয়ন দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া এলাকায় অবস্থিত মহিউস সুন্নাহ দারুল উলুম লিল্লাহ কওমী মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার ১৮০ জন এতিম শিশুর সঙ্গে খাবার খান। পরে তিনি শিশুদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।