বান্দরবানের রুমায় সরকারি খাদ্যবান্ধব চাউল আত্মসাতের অভিযোগ ডিলারের বিরুদ্ধে
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান
বান্দরবান জেলার রুমা উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক ডিলারের বিরুদ্ধে। রেমাক্রি ইউনিয়নের সরকারি ডিলার জন ত্রিপুরার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জন ত্রিপুরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল আত্মসাৎ করে আসছেন। স্থানীয়দের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের নাম তালিকায় থাকলেও তারা নিয়মিতভাবে চাউল পাচ্ছেন না। অথচ সরকারি গুদাম থেকে নিয়মিতভাবে ওই ডিলার চাউল উত্তোলন করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তারা উল্লেখ করেন, ডিলার জন ত্রিপুরা সরকারি নিয়ম-কানুন অমান্য করে অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত রয়েছেন। তার অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে হেনস্তা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ডিলার জন ত্রিপুরাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিককে হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, সরকারের উচিত অবিলম্বে দুর্নীতিবাজ এই ডিলারকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করা।
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।