নীলফামারী-২ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম উত্তোলন
মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর
নীলফামারী-২ (সদর ও আংশিক এলাকা) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের পক্ষ থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মোঃ সারোয়ার আলম বাবুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী বলেন, খেলাফত মজলিস ইসলামী আদর্শভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নীলফামারী-২ আসনে দলীয় প্রার্থী জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা সেক্রেটারি মোঃ সারোয়ার আলম বাবু বলেন, নীলফামারী-২ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। খেলাফত মজলিস সেই পরিবর্তনের বিকল্প শক্তি হিসেবে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে নীলফামারী-২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী দিনে দলীয় কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।