নীলফামারী জলঢাকা শৈলমারীতে সুইসগেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।
শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার নিলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেলের একটি সুইসগেটের নিচ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের নাম মাসুদ রানা (২৮)। তিনি শৈলমারী ইউনিয়নের বানপাড়া এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের বরাতে জানা যায়, মাসুদ রানা ছোটবেলায়ই মা-বাবাকে হারান। এরপর তিনি দাদির কাছে থেকে বড় হন। কয়েক মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। জীবিকার তাগিদে মাসুদ ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার তিনি ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য হয় বলে জানা গেছে। এ ঘটনার পরের দিন থেকেই তিনি নিখোঁজ হন। গতকাল রোববার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজন ও পরিচিতরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।
আজ সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনরা। মরদেহটি শনাক্ত করার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জলঢাকা থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।