তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে জামায়াতের নির্বাচনী জনসভা, উত্তাল জনসমুদ্রে পরিণত এলাকা
নীলফামারী প্রতিনিধি : শাফিনুর রহমান, ডিমলা
আজ শনিবার সম্মানিত আমীরে জামায়াতের আগমন উপলক্ষে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা তিস্তা ব্যারেজ হেলিপ্যাড এলাকায় এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই দুই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমে আসে, পুরো হেলিপ্যাড ও আশপাশের এলাকা জনতায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জনসভায় উপস্থিত জনতা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো পরিবেশ। আয়োজক সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর উত্তরাঞ্চলে এমন বৃহৎ জনসমাগম জামায়াত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম সক্রিয় ভূমিকা পালন করে।
সম্মানিত আমীরে জামায়াত তার বক্তব্যে বলেন, দেশের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাজনীতি চায়। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের পানিসংকট, কৃষি সমস্যা ও কর্মসংস্থানের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। উত্তরাঞ্চলের উন্নয়ন ও বৈষম্য দূরীকরণে একটি সমন্বিত পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
জনসভায় লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। বক্তারা দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থেকে মানুষের পাশে থাকার আহ্বান জানান।
জনসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। আয়োজকরা জানান, এই জনসমাবেশ প্রমাণ করে উত্তরাঞ্চলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।