ডাকসু নির্বাচনে জয়ী রাজবাড়ীর দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
দৈনিক মানব বার্তা ডিজিটাল ডেস্ক
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রাজবাড়ীর দুই কৃতি শিক্ষার্থী জয়লাভ করে জেলার সুনাম বৃদ্ধি করেছেন। তারা হলেন—সামসুন্নাহার হলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নুরে জান্নাত সুজানা এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের পাঠকক্ষ সম্পাদক তাসমিয়া ফেরদৌস তিতলী।
তাদের এই সাফল্যকে স্বীকৃতি জানিয়ে রাজবাড়ীতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা শহরের বকুলতলা এলাকার মেজবাহ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্র ‘ঘর ছাড়ায়’ রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, মাদারীপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস হাসান রঞ্জু।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে নুরে জান্নাত সুজানা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী। তিনি বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিমের কন্যা। সামসুন্নাহার হল সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস পদে বিজয়ী হন।
অনুষ্ঠানে বক্তারা দুই শিক্ষার্থীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করেন।