**চট্টগ্রামে হাতিয়া ফোরামের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত**
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রামস্থ হাতিয়া ফোরামের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার জামান রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি দিনাজ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জহির উদ্দিন ও এ কে এম শামসুদ্দিন আহমেদ শরীফ। এছাড়া সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুনসহ ফোরামের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের মর্মবাণী ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা আজও দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।
২০১৯ সালের করোনাকালে মানবিক সেবার লক্ষ্য নিয়ে গঠিত চট্টগ্রামস্থ হাতিয়া ফোরাম ২০২০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসুস্থ, কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভায় ফোরামের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুসারে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হাতিয়া ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে।