গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ের পর গুয়াধানায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন এমপি এস এম জিলানী
টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : জসিম মুন্সী
গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী নির্বাচনে বিজয়ের পর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গোপালপুর ইউনিয়নের গুয়াধানা এলাকার হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি তাদের সমর্থন ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সবার সুখ-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা মনোযোগ সহকারে শোনেন।
এ সময় গণমাধ্যম কর্মীরা টুঙ্গীপাড়ায় বেকারত্বের উচ্চ হার নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “বেকারত্ব একটি বড়ো চ্যালেঞ্জ। আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন এবং নতুন বিনিয়োগ আনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।”
তিনি আরও বলেন, “জনগণ আমার কাছে কেন যাবে? আমি জনগণের কাছে যাব। তাদের দোরগোড়ায় গিয়ে সমস্যা শুনবো এবং সমাধানে কাজ করবো।
মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব।
স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি গোপালগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।