ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ: ভাগ্নেকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি
প্রতিনিধি: ইব্রাহিম হালদার
ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তির ভোগদখল নিয়ে বিরোধের জেরে ভাগ্নেকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে কোতোয়ালি থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পুরান ঢাকার ইসলামপুর এলাকায় বিক্রমপুর গার্ডেন সিটির ২য় তলায় অবস্থিত ‘সারসিনা ফেব্রিকস’-এর মালিক মো. দীন ইসলাম শেখ (৫৪), পিতা-মাতা মৃত আবদুল রউফ শেখ ও মৃত ফুলমালা বেগম। তিনি ওয়ারিশ সম্পত্তির ভোগদখল নিয়ে তার আপন বোনের ছেলে মো. আল আমিন শোভনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। আল আমিন শোভনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মাজিবাড়ি গ্রামে।
ভুক্তভোগী আল আমিন শোভনের অভিযোগ, তার মায়ের প্রাপ্য ওয়ারিশি সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে দীন ইসলাম শেখ তাকে বিভিন্ন সময় মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, অজ্ঞাতনামা কিছু বখাটে ব্যক্তির মাধ্যমেও তাদের ভয় দেখানো হচ্ছে, যাতে করে আল আমিনের মা নিরবে সম্পত্তি লিখে দিতে বাধ্য হন।
এ ঘটনায় গত ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে কোতোয়ালি থানা-এ একটি সাধারণ ডায়েরি করা হয়, যার জিডি নম্বর ২৫৮। জিডিতে আল আমিন উল্লেখ করেন, ঘটনার দিন তাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের সদস্যরাও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান।
পরবর্তীতে বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি মহানগর দায়রা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিডি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। আল আমিন শোভন আদালতের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত দীন ইসলাম শেখের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।