অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১
ফাতেমা আকতার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড নোয়াখালীর হাতিয়ায় রাতভর যৌথ অভিযানে একজনকে আটক করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর শুক্রবার রাত ১টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারো বেকি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাশ আচার্য্য (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। অভিযানের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনী সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।