রায়গঞ্জে ভিপি আইনুল হকের মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় এলাকা।
জনসভায় প্রধান বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস করা হবে না এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দেশের মানুষ ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর গণতন্ত্র ফিরে পেতে অপেক্ষা করছে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন শওকত। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি রাজপথে রয়েছে এবং এই নির্বাচনে জনগণের রায়ই চূড়ান্ত হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ভিপি আইনুল হকের বিজয়ের মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরদার হবে।
সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল ইসলাম। সঞ্চালনা করেন দুলাল হোসেন খান ও আব্দুল আলীম। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাটি বড় ধরনের শক্তি প্রদর্শনীতে রূপ নেয়।