রাজধানীতে শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্রজনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে একই দিন দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজীব সরকার, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান শাওন, আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার, বিপ্লবী ছাত্র ঐক্য সিরাজগঞ্জের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী উসমান, সহ-সভাপতি আঞ্জারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমানুল্লাহ আসিফ রিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাবিতসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। গণতান্ত্রিক রাজনীতি ও ভিন্নমত দমন করতেই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।”
তারা আরও বলেন, “দেশে মতপ্রকাশের স্বাধীনতা আজ হুমকির মুখে। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তাদের কণ্ঠ রোধ করতেই সন্ত্রাসীদের মাঠে নামানো হয়েছে। এই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দোষীদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে সারাদেশে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে আরও বলা হয়, “এ ধরনের হামলা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। সন্ত্রাস দিয়ে আন্দোলন থামানো যাবে না।”
এদিকে গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় শরিফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
সমাবেশ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়।