বিভাজন নয়, ঐক্য চায় জামায়াত: এ টি এম আজহারুল ইসলাম
মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, স্বাধীনতার পর দেশে বিভিন্ন আদর্শের সরকার ক্ষমতায় এলেও মানুষের বাস্তব উন্নয়ন হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ৫৪ বছরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ কিংবা সমাজতন্ত্র কোনটিই জনগণের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়নি।
রোববার নীলফামারীর কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিভাজন নয়, জামায়াত চায় জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে।” আগামী জাতীয় নির্বাচনে ৮টি ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ জোট গঠন করে অংশ নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ৯০টি ঘূর্ণিঝড়–দুর্গত পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, রাজনৈতিক মতভেদ নয়—মানবিক দায়িত্ববোধই সমাজকে এগিয়ে নিতে পারে।
স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানান।