পানখালি বোটিয়াঘাটা ফেরিতে রাত ৭টার পর অনিয়মের অভিযোগ যাত্রীদের নির্ধারিত সময়ের পর বাড়তি টাকা না দিলে ফেরি ছাড়ছে না।
মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনার পানখালি বোটিয়াঘাটা ফেরিঘাটে রাত ৭টার পর থেকে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। যাত্রী ও স্থানীয়দের দাবি, এ সময়ের পর ফেরি চালু রাখতে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে।মটরসাইকেল নিয়ে ভোগান্তি ফেরি ছাড়া নৌকা পারাপারের ঝুঁকি। টাকা না দিলে ফেরি ছাড়ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘাট দিয়ে খুলনা ও আশে পাশের এলাকার শত শত যাত্রী প্রতিদিন পারাপার হন। বিশেষ করে রাতের দিকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যাবসায়ীরা এই ফেরির উপর নির্ভরশীল। কিন্তু রাত ৭টার পর থেকে ফেরি চালক ও সহযোগীদের বিরুদ্ধে ইচ্ছেমতো অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অনেক যাত্রী অভিযোগ করেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না দিলে ফেরি ছাড়তে নারাজ হয়ে পড়েন তারা। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে পার হন।এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাত ৭টার পর ফেরি চালু রাখার জন্য টাকা চাওয়া হয়। টাকা না দিলে বলে, ‘আজ আর ফেরি ছাড়বে না’। এটা একেবারে চাঁদাবাজির মতো কাজ হচ্ছে।”
স্থানীয়রা জানান, এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি বা ব্যবস্থা নেই। ফলে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে খুলনা জেলা প্রশাসন বা সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকেরা। তারা দাবি করেছেন, ঘাটে নিয়মিত তদারকি বাড়ানো এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক।
দৈনিক স্বাধীন সংবাদ এ ঘটনার সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।