দৌলতপুর সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে বাঘার দুই যুবকের মৃত্যু
গোলাগুলিতে আরও দুইজন গুলিবিদ্ধ, শোকের ছায়া নেমেছে গ্রামে
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর-সুলতানপুর গ্রামের চার যুবক কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টা থেকে ৪টার মধ্যে দৌলতপুর উপজেলার হবিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— বাঘার চাঁন মণ্ডলের ছেলে মুন্তাজ মণ্ডল, মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০), শুকুর আলীর ছেলে নাজমুল ও আরশাদ আলীর ছেলে রাকিব।
এদের মধ্যে আমান মণ্ডল ঘটনাস্থলেই মারা যান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নাজমুলের মৃত্যু হয়। গুরুতর আহত মুন্তাজ ও রাকিব বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হবিরচর এলাকায় কাঁকন বাহিনী ও মন্তাজ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মন্তাজ বাহিনীর নেতা মুন্তাজসহ তার গ্রামের আরও তিনজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, খড় ও জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে সোমবার দুপুরে কাশবন এলাকায় ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়, যাতে চারজন গুলিবিদ্ধ হন।
বাঘা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিফাত রেজা বলেন, “আজ দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন মরিচা ইউনিয়নের চর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে। এতে রাজশাহীর বাঘার আমান মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় নিহত দুই যুবকের পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।