টুঙ্গিপাড়ায় পুলিশের সহযোগিতায় চুরি হওয়া ভ্যান উদ্ধার
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মোঃ জসিম মুন্সি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরি হওয়া ভ্যানটি পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে। এতে ভ্যানচালক হাফিজ শেখ তার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বনটি ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতায় ভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চুরির ঘটনায় ওই এলাকার আশব শেখের ছেলে আলিম শেখ জড়িত ছিল। গত ২১ অক্টোবর সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ভ্যানটি চুরি হয়। এরপর ভ্যানচালক হাফিজ শেখ স্থানীয় গণমাধ্যমে নিজের অসহায় অবস্থার কথা জানান, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
খবর প্রকাশের পর টুঙ্গিপাড়া থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করে। পরে মোল্লাহাট থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,
“সংবাদ প্রকাশের পর আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ দেখে এক চোরকে শনাক্ত করা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।”
ভ্যানটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হাফিজ শেখ বলেন,
“৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। সারাদিন চালিয়ে যা আয় হতো, তা দিয়েই চলতো ছয়জনের সংসার। চুরি হওয়ার পর সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। পুলিশের সহায়তায় ও গণমাধ্যমের সহযোগিতায় ভ্যানটি ফিরে পেয়েছি—আমি কৃতজ্ঞ।”
স্থানীয়দের মতে, পুলিশের দ্রুত পদক্ষেপ ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে অসহায় হাফিজ শেখের পরিবার আবারও জীবিকার চাকা সচল করতে পারছে।