জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বিসমিল্লাহির রহমানির রাহিম
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শরীফ ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ, নিন্দা এবং ন্যায়বিচারের দাবিতে বগুড়ায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত এই কর্মসূচিতে বগুড়ার সর্বস্তরের জনগণ, সাধারণ শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে ভুঁই পরিবার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারবর্গ, পাশাপাশি বহু মা ও বোন উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি সমাবেশকে আরও আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তোলে। উপস্থিতরা বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো অন্যায় ও সহিংসতার আপস হতে পারে না।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাতমাথায় এসে শেষ হয়।
আয়োজকরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শহীদদের আদর্শ সমুন্নত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।