কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রধান বাধা: গাইবান্ধায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
মোঃ মহিবুল্লাহ মেহেদী
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”—এই প্রতিপাদ্যে গাইবান্ধায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক স্টল প্রদর্শনী, রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং।
দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবু বকর সিদ্দিক অনিক, বক্ষব্যাধী ক্লিনিকের কনসালট্যান্ট ডা. এম এন এ আল মেহেদী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী ও প্রোগ্রাম অর্গানাইজার মোস্তাকিম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার কেশব চন্দ্র রায়, এরিয়া ডেভেলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর বিনয় রায় ও গোপাল চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয় এবং এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। সময়মতো চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়। কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও জানান, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কুষ্ঠ রোগের চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সমাজে কুষ্ঠ রোগ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা গেলে দেশে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।