হাকিমপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম
মোঃ মেহেদী হাসান খান
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
সফরকালে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষকদের উদ্দেশে বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালনা করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আনোয়ারুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশকে চুরি, ডাকাতি, টেন্ডারবাজি ও দুর্নীতির কবল থেকে মুক্ত রাখতে হলে জনগণকে যোগ্য, ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম, পৌর আমির সাইফুল ইসলাম, এবং থানা যুব বিভাগের সভাপতি মোঃ মীর শহীদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে আনোয়ারুল ইসলাম বলেন, সুশিক্ষিত প্রজন্মই পারে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।