সিরাজগঞ্জ-৩ ও ৬ আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার
১০ দলীয় ঐক্যের প্রার্থীকে সমর্থন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এতে করে সিরাজগঞ্জ-৩ ও সিরাজগঞ্জ-৬ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের পথ আরও সহজ হলো।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন—
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা ড. মোহাম্মদ আব্দুস সামাদ এবং
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান।
জামায়াত সূত্র জানায়, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত
অনুযায়ী সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস.এম সাইফ
মোস্তাফিজকে সমর্থন জানিয়ে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।
এ বিষয়ে এক বিবৃতিতে মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, জাতীয় স্বার্থে এবং কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে সমর্থন দিয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এই নির্বাচনী প্রক্রিয়ায় দলের নেতাকর্মী ও সমর্থকদের ত্যাগ, শ্রম ও আবেগের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান এবং সবাইকে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।