ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের আগমনে উৎসবমুখর পরিবেশ
একেএম নুর আলম জিকু
ভোলা জেলা প্রতিনিধি
ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে সদ্য মনোনয়নপ্রাপ্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের আগমনকে কেন্দ্র করে এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে স্থানীয় জনতা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
স্থানীয়দের মতে, মেজর (অব.) হাফিজ এক সময় এই জনপদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি দীর্ঘ সময় এলাকা থেকে দূরে ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। তারা মনে করেন, আবারও সুযোগ এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার।
নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শুভাগমন অনুষ্ঠানের পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন স্থান থেকে আসা সমর্থকরা জানান, হাফিজ উদ্দিন আহমেদের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগ-তিতিক্ষা এলাকার মানুষের জন্য বড় শক্তি। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হয়ে আবারও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
অনেকে বলেন, তিনি অতীতে যেভাবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কাজ করেছিলেন, ভবিষ্যতেও তার সেই ভূমিকা আরও শক্তিশালী হবে। কিছু সমর্থক তো তাকে ভবিষ্যতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বা রাষ্ট্রের উচ্চপদে দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
তার শুভাগমনে যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে, তা ভোলা-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।