নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হাতিয়া উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে আয়োজিত এ র্যালিতে চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর চরকিং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফখরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আমজাদ, পিপলু, মোজাক্কের বারীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিকভাবে আয়োজনের নেতৃত্ব দেন ৬ নম্বর চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়।
এ সময় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

র্যালিকে ঘিরে চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।