রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
টপসয়েল কর্তন এবং নদীর পাড় বিনষ্ট করে মাটি কাটার ঘটনা রোধে রায়গঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
কালিঞ্জা ব্রিজ, পাঙাসী ব্রিজ, ধানগড়া ব্রিজ, রামেশ্বরগাতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪টি মাটি কাটার ভেক্যু মেশিন ও ৩টি ট্রাক অকেজো করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, পরিবেশ রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।