লালমনিরহাটে জমি দখল ও পুকুরে বিষ প্রয়োগ: ১ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট সদরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ নিধন ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিং বিদ্যাবাগিস এলাকায় আশরাফুল ইসলামের স্ত্রীর নামে রেকর্ডভুক্ত জমি নিয়ে পঞ্চগ্রাম ইউনিয়নের মোল্লার বাজার গ্রামের গোপীনাথ রায় (৫৫) ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা ওই জমিতে থাকা একটি ৮ হাত টিনের ঘর জোরপূর্বক দখল করে আসছিল বলে ভুক্তভোগী জানান।
ভুক্তভোগীর দাবি, গত ২৬ জানুয়ারি ২০২৬ বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে দুটি আমগাছ কেটে ফেলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে। এর প্রতিবাদে থানায় অভিযোগ দিলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একই দিন দিবাগত রাতে বৈরাগী কুমোর মৌজার অন্তর্গত ১৬ শতক জমির একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা প্রায় এক লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।
সর্বশেষ ২৭ জানুয়ারি সকালে ভুক্তভোগী তার জমিতে টিনের চালা ভাঙচুর করতে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”