সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা ২৪ জানুয়ারি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২৪ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) সিরাজগঞ্জে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাটি দুপুর ২টায় শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান-এর। জনসভায় সভাপতিত্ব করবেন মাওলানা শাহিনুর আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা।
আয়োজকরা জানান, আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়েছে। এতে সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে দলে দলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে জনসভা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সমাবেশস্থল ইসলামিয়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
পরিদর্শনকালে তিনি বলেন, “জামায়াত আমীর ইতোমধ্যে উত্তরাঞ্চল সফর শুরু করেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশ শেষে তিনি উল্লাপাড়ার সরকারি এম. আকবর আলী কলেজ মাঠে এক পথসভায় অংশ নেবেন। এরপর তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।”
তিনি আরও বলেন, “আমীরে জামায়াতের সফরকে ঘিরে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি, এই সফরের মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় দলের সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।”