ভোলায় সাংবাদিকদের উপর কোস্টগার্ড সদস্যের লাঞ্ছিতের অভিযোগ, গণমাধ্যমে তীব্র নিন্দা ও শাস্তির দাবি
ভোলা প্রতিনিধি:ইমন রহমান
ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে। গ্লোবাল টেলিভিশনের অনিক আহমেদ এবং এশিয়ান টিভির মহিউদ্দিন নামের এই দুই সাংবাদিক শনিবার রাত ৮টার দিকে সংবাদ সংগ্রহের সময় এ ধরনের দুর্ব্যবহারের শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এ ঘটনায় ভোলার স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রতি এ ধরনের আক্রমণ বরদাস্তযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনও দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে কোস্টগার্ড দক্ষিণজোনের মিডিয়া ইনচার্জ মো. রায়হান জানান, ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে দ্রুত উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।