হাদি ও এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় সিরাজগঞ্জ বিএনপির বিক্ষোভ
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ পৌর মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রার্থীদের লক্ষ্য করে সহিংস ঘটনা ঘটানো হচ্ছে। হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য চরম হুমকি। এসব ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে।