মাহিন সরকারকে অবহেলা করা হয়নি, সিদ্ধান্তের পেছনে ছিল আত্মত্যাগ ও কৌশল : সারোয়ার রাব্বি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা National Citizen Party কর্তৃক এমডি মাহিন সরকারকে অবহেলা বা বঞ্চিত করা হয়েছে—এমন আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে ভিন্নমত তুলে ধরেছেন জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ও ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারোয়ার রাব্বি এক বিবৃতিতে বলেন, মাহিন সরকারই সর্বপ্রথম ‘জুলাই অভ্যুত্থান’ শব্দটি উচ্চারণ করেন এবং সেই সময় থেকেই মানুষের মধ্যে অভ্যুত্থানের স্বপ্ন জন্ম নেয়। তিনি ২৪-এর অভ্যুত্থানের একজন স্বপ্নদ্রষ্টা এবং ৫ নম্বর সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে অনেকেই বিভিন্নভাবে বিতর্কিত হলেও মাহিন সরকারকে নিয়ে তিল পরিমাণ বিতর্ক সৃষ্টি করার সুযোগ কেউ পায়নি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তিনি মাহিন সরকারের মধ্যে সততা, পবিত্রতা এবং জনগণের জন্য আত্মনিবেদিত মনোভাব দেখতে পেয়েছেন বলে জানান।
সারোয়ার রাব্বির বক্তব্যে উল্লেখ করা হয়, কোনো ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও মাহিন সরকার চৌহালী-বেলকুচি এলাকার জনগণের জন্য লড়াই করে সরকার থেকে একাধিক উন্নয়ন প্রকল্প আদায় করে এনেছেন, যা ওই এলাকার মানুষ কখনো ভুলবে না।
সারোয়ার রাব্বি
যুগ্ম সদস্য সচিব (দপ্তর)
ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম সদস্য সচিব
জাতীয় যুবশক্তি, সিরাজগঞ্জ জেলা লেখেন:
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সিরাজগঞ্জ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাহিন সরকার এবং এস এম সাইফ মোস্তাফিজের সঙ্গে নিয়মিত আলোচনা করে থাকেন।
চৌহালী-বেলকুচি আসনে মেজর (অব.) মঞ্জুর কাদেরকে প্রার্থী হিসেবে সামনে আনার পেছনেও মাহিন সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করা হয়। এ ক্ষেত্রে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এস এম সাইফ মোস্তাফিজ।
বিবৃতিতে আরও বলা হয়, মাহিন সরকার কখনোই নিজের ক্ষমতা বা পদকে অগ্রাধিকার দেননি। চৌহালী-বেলকুচি আসনের বাস্তবতা বিবেচনা করে তিনি নিজে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে উপেক্ষা করে মেজর মঞ্জুর কাদেরকে সামনে এনেছেন। এই আত্মত্যাগই তার দেশপ্রেমী নেতৃত্বের প্রমাণ।
সারোয়ার রাব্বি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে মাহিন সরকারকে সংসদে দেখা যাবে। আপাতত চৌহালী ও উন্নয়নশীল বেলকুচির ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতির শেষাংশে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে সাবেক প্রতিমন্ত্রী ও দুইবারের সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদেরকে বিজয়ী করার আহ্বান জানান এবং তার জন্য শুভকামনা প্রকাশ করেন।