ঈশ্বরদীতে অস্ত্রধারী তুষারের গ্রেপ্তার: ধোঁয়াশার অবসানে নতুন মোড়
তৌকিমুজ্জামান অন্তর
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি
ঈশ্বরদীতে বহুল আলোচিত অস্ত্রধারী যুবক তুষার অবশেষে গ্রেপ্তার হয়েছে। গত ২৭ নভেম্বর পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় সংঘটিত হামলার ঘটনায় তাকে হাতে অস্ত্র নিয়ে গুলি করতে দেখা যায়—এ দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।
ঘটনার পর থেকেই তুষারকে ঘিরে তৈরি হয় তীব্র ধোঁয়াশা। প্রথমে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল দাবি করেন, তুষার জামায়াতের কোনো কর্মী নন; কিন্তু তার মিছিল-মিটিংয়ে উপস্থিত থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাবীবুর রহমান হাবীবও জানান, তুষার বিএনপির কেউ নন এবং তিনি জামায়াতের ওপর হামলার ঘটনাও অস্বীকার করেন। দুই দলের পক্ষ থেকেই অস্বীকৃতি আসায় তুষার কোন পক্ষের হয়ে অস্ত্র হাতে সংঘাতে জড়াল—এ নিয়ে এলাকাজুড়ে শুরু হয় জোর আলোচনা।

এমন অবস্থায় অনুসন্ধানে জানা যায়, তুষার পাবনা বুলবুল কলেজ ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। বিষয়টি সামনে আসার পর আলোচনা আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার মাত্রা বাড়তে থাকায় গতরাতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তুষারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তার কাছে থাকা অস্ত্রের উৎস, হামলার উদ্দেশ্য, এবং সে কার নির্দেশে ঘটনাস্থলে গিয়েছিল—এসব প্রশ্ন এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।
সব মিলিয়ে, তুষারের গ্রেপ্তার ঘটনাটিতে নতুন মোড় এনেছে। এবার তদন্তেই বেরিয়ে আসবে তুষার আসলে কোন রাজনৈতিক দলের হয়ে মাঠে নেমেছিলেন।