ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় তোলপাড়
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবক হাফিজুল ইসলামকে (২০) স্থানীয়ভাবে আয়োজিত সালিশে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালীন তাকে মারধরও করা হয়। আর এর পরদিনই রেললাইনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেলে পুরো এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
হাফিজুল স্থানীয় মৃত ছাবেদ আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে হাফিজুল কৌশলে প্রতিবেশী ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে নিজের ঘরে ডেকে নেয় এবং সেখানে তাকে নির্যাতন করে। শিশুটির চাচি আকস্মিকভাবে ঘটনাটি দেখে ফেলায় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে হাফিজুলকে আটক করে বাড়ির একটি কক্ষে আটকে রাখে। কিন্তু কিছু সময় পর অসতর্কতার সুযোগে সে পালিয়ে যায়।
পরে পৌর কাউন্সিলর বরাত আলী, মোন্নাফ কসাই ও রবিউলসহ কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে সালিশ বসে। প্রথমে জরিমানার পরিমাণ পাঁচ লাখ টাকা নির্ধারিত হলেও শেষ পর্যন্ত তা কমিয়ে আড়াই লাখ টাকায় আনা হয়। সালিশস্থলে উপস্থিত কয়েকজনের হাতে হাফিজুল মারধরের শিকার হন বলেও স্থানীয়রা জানান। এ ঘটনায় বিচারবহির্ভূত শাস্তি ও সালিশের বৈধতা নিয়ে গ্রামজুড়ে ক্ষোভ দেখা দেয়।
সালিশকারী বরাত আলীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় না। তার অফিসেও গিয়ে তাকে পাওয়া যায়নি। অপর সালিশকারী মোন্নাফ কসাই দাবি করেন, “আমরা কোনো সালিশ করিনি।” এরপরই তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।
এদিকে শুক্রবার সকালেই চাটমোহর উপজেলার গুয়াখড়া এলাকায় রেললাইনের ওপর হাফিজুলের দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে। রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান, সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “আমাদের কাছে খবর এসেছে ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ঘটনাস্থল আমাদের থানার আওতার বাইরে।”
স্থানীয়দের মধ্যে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—সালিশ ও মারধরের পর ঠিক কীভাবে তার মৃত্যু ঘটল? রহস্যের জট খুলতে তদন্তের দাবি উঠছে সর্বত্র।