ভোজনরসিকদের নতুন ঠিকানা ‘আহার অঙ্গন’
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
স্থান: সিরাজগঞ্জ শহর, এস.এস. রোড
উদ্যোক্তা: শিক্ষার্থী সুচনা ও মিথিলা
শুরুর তারিখ: ২৪ অক্টোবর ২০২৫
সময়: প্রতিদিন সন্ধ্যা ৬টা–রাত ১০টা
সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডে প্রতিদিন সন্ধ্যায় ভোজনরসিকদের ভিড়ে মুখর থাকে শিক্ষার্থী উদ্যোক্তা সুচনা ও মিথিলার পরিচালিত ভ্রাম্যমাণ খাবারের ভ্যান ‘আহার অঙ্গন’। পড়াশোনার পাশাপাশি নিজেদের উদ্যোগে একটি ছোট ভ্যানকে রেস্টুরেন্টে রূপ দিয়ে তারা স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া স্বাদের খাবার বিক্রি শুরু করেন। গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে সীমিত পরিসরে চালু হওয়া উদ্যোগটি এখন অল্প সময়েই শহরের ভোজনপ্রেমীদের নির্ভরতার জায়গা হয়ে উঠেছে।
উদ্যোক্তা সুচনা বলেন,
“আমি চেয়েছি সবাই যেন কম টাকায় ভালো মানের, ঘরোয়া স্বাদের খাবার পেতে পারেন। শুরুটা ছিল স্বপ্ন থেকে, এখন মানুষের ভালোবাসা আমাদের আরও এগিয়ে যেতে সাহস দেয়।”
প্রতিদিন সন্ধ্যায় ‘আহার অঙ্গন’-এ পরিবেশন করা হয় মুখরোচক ভুনা খিচুরি, হাঁসের মাংস, মুরগির মাংস, এমনকি কোকিল পাখির মাংসও। স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি ও পরিবেশন করেন সুচনা ও তাঁর সহকর্মীরা।
খাবারপ্রেমী সৌরভ বলেন,
“এখানকার খাবার একদম ঘরের মতো। বিশেষ করে হাঁসের মাংস আর ভুনা খিচুরি খেতে প্রায়ই আসি।”
মেহেদী নামে আরেক ক্রেতা বলেন,
“কয়েক দিন ধরে এখানে খাচ্ছি। খাবার খুবই ভালো। প্রতিদিনই অনেক লোক আসে খেতে।”
কলেজছাত্রী উষা জানান,
সাশ্রয়ী দামে এত সুন্দর খাবার সিরাজগঞ্জে আর কোথাও পাওয়া যায় না।”
বিশেষ আলোচনায় এসেছে তাদের জনপ্রিয় মেনু—
১৪৯ টাকায় হাঁসের মাংস ও ভুনা খিচুড়ি, যা ইতোমধ্যেই সিরাজগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে।
‘আহার অঙ্গন’-এর সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন শহরের অনেক তরুণ-তরুণী। তারা সুচনার উদ্যোগকে নিজের স্বপ্নের শক্তি হিসেবে দেখছেন।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন,
“শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আরও বড় পরিসরে এগিয়ে যাক—চেম্বারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।”
‘আহার অঙ্গন’ এখন শুধু একটি ভ্রাম্যমাণ খাবারের ভ্যান নয়—এটি সিরাজগঞ্জের তরুণ উদ্যোক্তা প্রজন্মের দৃঢ়তা, স্বপ্ন এবং সাফল্যের প্রতীক।