চিরিরবন্দরে বোরখা ছদ্মবেশে ছিনতাইয়ের চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন বাবা–ছেলে
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বালাপাড়া বানিয়া বাড়ি এলাকায় বোরখা ছদ্মবেশে অভিনব কৌশলে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী অচিন বাসুনিয়া ও তার ছেলে প্রশান্ত বাসুনিয়ার বর্ণনা অনুযায়ী, দোকান বন্ধ করে ফেরার সময় পল্লী বিদ্যুৎ অফিসের উত্তরের গ্রামীণ টাওয়ারসংলগ্ন নির্জন রাস্তায় হঠাৎ বাঁশঝাড়ের ভিতর থেকে কয়েকজন মুখোশধারী দুষ্কৃতকারী ঝাঁপিয়ে পড়ে। তারা প্রথমেই বাবা–ছেলেকে বেধড়ক মারধর করে এবং সাথে থাকা সামগ্রী লুটে নেওয়ার চেষ্টা করে।
হঠাৎ চিৎকার শুরু হলে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলের দিকে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, হামলাকারীরা বোরখা পরে নিজেদের পরিচয় গোপন করে পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বৃদ্ধি করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।