নীলফামারী-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি, ‘ধানের শীষের প্রার্থী চাই রানা ভাই’ স্লোগানে বিশাল বিক্ষোভ মিছিল
নীলফামারী প্রতিবেদন মো:শহিদুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। তাদের মূল দাবি— জনপ্রিয় নেতা রিয়াদ আরফান সরকার রানাকে এই আসনে দল থেকে মনোনয়ন প্রদান করতে হবে।
সৈয়দপুর শহরের বাংলা হাই স্কুল মাঠে এই বিক্ষোভের মূল জমায়েত অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লাসহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মাঠে এসে সমবেত হন। এতে মাঠ মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশের সময় মিছিলকারীদের মুখে ছিল একই জোরালো শ্লোগান। তারা উচ্চস্বরে দাবি জানাতে থাকেন, “ধানের শীষের প্রার্থী চাই, ভজেপুত্র রানা ভাই”। হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারেও এই একই দাবি সুস্পষ্টভাবে উঠে আসে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য রিয়াদ আরফান সরকার রানার কোনো বিকল্প নেই। যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে এর মারাত্মক প্রভাব ভোটের বাক্সে পড়তে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।
পরে বাংলা হাই স্কুল মাঠ থেকে এক বিশাল র্যালি বের হয়। রিয়াদ আরফান সরকার রানাকে দ্রুত মনোনয়ন দেওয়ার দাবিতে এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই মিছিলের ফলে নীলফামারী-৪ আসনের রাজনীতি অঙ্গন বেশ সরগরম হয়ে ওঠে।