বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে এক নজর দেখতে মানুষের ঢল
স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সরগরম লামা–আলীকদম
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে দেখতে আজ লামা ও আলীকদম উপজেলায় উপচেপড়া মানুষের ঢল দেখা গেছে। পাহাড়ি-বাঙালি, কৃষক, শ্রমজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী–পেশার হাজারো মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে যোগ দিতে থাকেন তার বিশেষ সফরসূচির পথসভা ও জনসভায়।
৩১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাচিং প্রু জেরীর এ বিশেষ সফর ঘিরে দুই উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ মোটরগাড়িতে এসে ভিড় করেন সভাস্থলে। সকাল থেকে শুরু হওয়া পথসভা রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছ থেকে পেয়ে জনতার মাঝে ছিল উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ।
স্থানীয়দের মতে, সাচিং প্রু জেরীকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। এতে করে পাহাড়ি অঞ্চলে বিএনপির জনসমর্থন বেড়েছে বলেই মনে করছেন স্থানীয়রা।
এদিন লামার ১নং গজালিয়া, আজিজনগর ও ৫নং সরই ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত পথসভাগুলো ছিল জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভরপুর। এসব পথসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল লক্ষণীয়।

সরই ইউনিয়নে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, *ধানের শীষে ভোট দিয়ে সম্প্রীতির বান্দরবান গড়ার সুযোগ দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবে বিএনপি।* জনগণের উচ্ছ্বাস দেখে তিনি আরও আশ্বস্ত হয়ে বলেন, বান্দরবান আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেবে।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাচিং প্রু জেরীর শুভাগমনে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার সফরকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী উন্মাদনা ছড়িয়ে পড়ে।