ডোমারে অবৈধভাবে জ্বালানী তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা
উপজেলা(ডোমার) প্রতিনিধিঃ-
নীলফামারীর ডোমার পৌরসভা এলাকায় অবৈধভাবে জ্বালানী তেল মজুত ও বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি অবৈধভাবে পেট্রোল মজুত করে তা বিক্রি করছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ওই বিক্রেতাকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ সময় ডোমার থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ ত্বন্বী জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানী তেলের সংকট সৃষ্টি হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুত ও বিক্রি করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।