টুঙ্গিপাড়ায় ভুয়া চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেঃ জসিম মুন্সী
টুঙ্গিপাড়া উপজেলায় ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (আজ) সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা আজিম বাজারে নিজ চেম্বারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম একরাম শেখ, সাং- গজালিয়া, ডাকঘর গিমাডাঙ্গা, থানা টুঙ্গিপাড়া, জেলা, গোপালগঞ্জ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বর নিয়ে তিনি কথিত ডাক্তার আতিয়ার-এর কাছে চিকিৎসা নিতে যান। অভিযোগ রয়েছে, চিকিৎসক তাকে পরপর তিনটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরপরই একরাম শেখের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আতিয়ার ডাক্তার নিজেকে বৈধ চিকিৎসক দাবি করলেও প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।