সুন্দরগঞ্জের ইতিহাসে রেকর্ড গড়ল বাংলাদেশ জামায়াতে ইসলামের মিছিল
মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
নির্বাচনী প্রচারণার শেষ দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বিপুল জনসমাগমে আয়োজিত মিছিলটি উপজেলার অতীতের সব রাজনৈতিক কর্মসূচিকে ছাড়িয়ে ইতিহাসে রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে তা রূপ নেয় বিশাল জনসমুদ্রে। মিছিলের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ সময় মানুষের ঢল দেখা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার শেষ দিনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান-এর পক্ষে আয়োজিত এই মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয়দের মতে, সুন্দরগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এত বড় ও সুশৃঙ্খল মিছিল আগে কখনো দেখা যায়নি। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে এমন বিপুল উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।